মালদায় বিএসএফ ক্যাম্পে জোড়া খুন, অভিযুক্ত জওয়ানকে কি হেফাজতে পাবে পুলিশ?
মালদায় বিএসএফ ক্যাম্পে সহকর্মী খুনের ঘটনায় অভিযুক্ত জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। আজ অভিযুক্তকে মালদা জেলা আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। গতকাল বিকেলে মালদার বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে আচমকা গুলি চালিয়ে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ানকে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় আরও এক জওয়ান গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই বিএসএফের অন্যান্য জওয়ানরা অভিযুক্ত শিবমকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। সারারাত ধরে জেরার পর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তীব্র মানসিক হতাশা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই ঘটনার পেছনের মূল কারণ জানা সম্ভব হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। এদিকে, আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্ত কোনো মন্তব্য করেননি।