ঢিল ছোড়াকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের!
হাওড়ায় ভূতের ভয় দেখিয়ে ঢিল ছোড়ার প্রতিবাদে খুন, আহত দুই
হাওড়ার বাঁকড়া এলাকার রসিকল পেয়াদাপাড়ায় ভূতের ভয় দেখিয়ে বাড়িতে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় হাসান মীর নামে এক যুবককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঢিল ছোড়ার সময় গুড্ডু শেখ নামে এক যুবককে এলাকাবাসী হাতেনাতে ধরে সতর্ক করেছিল। এই ঘটনার জেরে রবিবার সকালে ক্ষিপ্ত গুড্ডু ফের এলাকায় এসে ছুরি নিয়ে হামলা চালায়। এতে হাসান মীরের পেটে গুরুতর আঘাত লাগলে হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় মৃত যুবকের দুই ভাই, নজরুল ইসলাম মীর ও নাজিমূল ইসলাম মীর, গুরুতর জখম হয়েছেন এবং বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই বাঁকড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূল অভিযুক্ত গুড্ডু শেখকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের প্রতিহিংসামূলক এই হামলায় মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ (RAF) মোতায়েন করা হয়েছে।