হুমায়ুনের ‘স্যাঁটা’ মন্তব্য ঘিরে তুলকালাম, গ্রেফতার বিধায়কের অনুগামী!
মুর্শিদাবাদের রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির জনসভায় নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের জেরে এবার তার আরও এক অনুগামী সেলিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নবগ্রামে নিজ বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, রেজিনগরের সেই বিতর্কিত সভাটির আয়োজনের মূল দায়িত্বে সেলিম শেখ ছিলেন এবং তিনি সেখানে উপস্থিতও ছিলেন। রবিবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত সভার আয়োজকসহ হুমায়ুন কবীরের দলের মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। রেজিনগরের ওই সভায় বিধায়কের মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানানোর পর থেকেই পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়। ইতিপূর্বে বিধায়ক হুমায়ুন কবীরকে একাধিকবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। তদন্তের প্রয়োজনে খুব শীঘ্রই আরও কয়েকজনকে জেরা করার জন্য তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে এই গ্রেফতারির বিষয়ে বিধায়ক হুমায়ুন কবীর এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।