সোমবার আছড়ে পড়বে তুমুল ঝড়বৃষ্টি, আপনার জেলায় কি সতর্কতা?

দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থানরত শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে আজ সোমবার রাজ্যজুড়ে ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজস্থান থেকে ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী এক-দুদিনের মধ্যে নিম্নচাপটি আরও স্পষ্ট রূপ নেবে এবং মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করবে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পঙে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবারের পর থেকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *