কথা না রাখলে ফের রাজপথে নামব! সরকারকে কড়া হুঁশিয়ারি সিজেপির

দেশের একাধিক শহরে ‘ককরোচ জনতা পার্টির’ (CJP) সাম্প্রতিক আন্দোলন ও সেই সংক্রান্ত পোস্টার এবং মিম ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে দিল্লি পুলিশসহ বিভিন্ন রাজ্যের প্রশাসন সোশ্যাল মিডিয়া থেকে সেই বিতর্কিত পোস্টার ও মিম সরানোর প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে একে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে দাবি করেছেন CJP-র মুখপাত্র সৌরভ দাস। তাঁর মতে, রাজনৈতিক নেতাদের নিয়ে রসিকতা করা গণতন্ত্রের অঙ্গ এবং প্রশাসনের এই উদ্যোগ সাধারণ মানুষের কণ্ঠরোধের শামিল।

পোস্টার বিতর্ক ছাড়াও আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি দমনপীড়ন এবং এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে দলটি। সৌরভ দাসের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং ড. জিতেন্দ্র সিং অতীতে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর তুলে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, তবে সরকারি সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সিজেপি-র তথ্য অনুযায়ী, কেবল বিহার রাজ্যেই প্রতিবাদী পড়ুয়াদের বিরুদ্ধে নতুন করে প্রায় ৫০০টি এফআইআর দায়ের করা হয়েছে। সরকার অবিলম্বে প্রতিশ্রুতি রক্ষা না করলে এবং এই হয়রানি বন্ধ না করলে ছাত্রছাত্রীরা ফের বৃহত্তর আন্দোলনে রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *