পরিযায়ী শ্রমিকের রহস্যময় উধাও, ফিরলেন না বাড়ি!

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার সিদ্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেহাটি গ্রামের বাসিন্দা সন্তু মণ্ডল নামে এক পরিযায়ী শ্রমিক কর্মস্থল রাজস্থান থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ২৩ জুলাই রাত ১১টা ৫৫ মিনিটে যোধপুর-হাওড়া এক্সপ্রেসে ওঠার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৬ জুলাই কাজের খোঁজে যোধপুরে যাওয়ার এক সপ্তাহ পর সন্তু বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। ২৪ জুলাই সকালে তিনি পরিবারের সদস্যদের ফোন করে জানান যে, দু’জন ব্যক্তি তাঁকে ধাওয়া করছে এবং তাঁর ট্রেনের টিকিট কেড়ে নেওয়া হয়েছে। এরপর তিনি ৫০০ টাকা পাঠানোর অনুরোধ করলে তাঁর ভাই সেই টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠানোর পরপরই তাঁর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। নিখোঁজ এই যুবকের সন্ধানে তাঁর পরিবার হাওড়া রেল জিআরপি ও পাঁশকুড়া জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *