বিক্ষোভের নামে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না, সুপ্রিম কোর্টের দ্বারস্থ পুলিশ!

নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সংসদ অভিযান চলাকালীন কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর হামলার ঘটনায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আক্রান্ত পুলিশ পরিবারের সদস্যরা। গত ২০, ২৪ ও ২৫ জুলাই যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় বিক্ষোভে পাথর, কাঁচের বোতল ও ধারাল টাইলের আঘাতে আহত এসিপি কৈলাশ সিং বিষ্টসহ একাধিক পুলিশকর্মীর পরিবার এই মামলা দায়ের করেছেন। বিক্ষোভের নামে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

ইতিমধ্যে দিল্লি পুলিশের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে জখম পুলিশকর্মীদের পরিবার নিজেদের পক্ষ রাখার আবেদন জানিয়ে মধ্যস্থতাকারী হিসেবে আদালতে যুক্ত হয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি উত্থাপন করে তাঁদের আইনজীবী জানান, বাক্‌স্বাধীনতার নামে সরকারি কর্মীদের ওপর হামলার অধিকার কারও নেই। মামলার আবেদনে পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারীদের সুরক্ষার অধিকার নিশ্চিত করা, হিংসায় প্ররোচনাকারীদের শাস্তি দেওয়া এবং ইউনিফর্ম পরা পুলিশকর্মীদের নিরাপত্তার জন্য সরকারের কাছে নির্দিষ্ট নির্দেশিকা তৈরির দাবি জানানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *