সিন্ডিকেট ও কাটমানির দাপট শেষ! এবার সরাসরি অভিযোগ জানান এই নম্বরে
রাজ্যজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড, সিন্ডিকেট রাজ ও বিভিন্ন বেআইনি কারবারের বিরুদ্ধে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করল রাজ্য সরকার। এই উদ্যোগের অঙ্গ হিসেবে মঙ্গলবার ভবানী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে একাধিক নতুন হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর তিনি ভবানী ভবনের কন্ট্রোল রুম পরিদর্শন করে পুরো কার্যক্রমের খতিয়ান নেন।
সাধারণ মানুষের অভিযোগ জানানোর সুবিধার জন্য সিন্ডিকেট রাজের বিরুদ্ধে ১৫৫৩৩৫, কাটমানি সংক্রান্ত অভিযোগে ১৫৫৩৩৪, অবৈধ রোড ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ১৫৫৩৩৭ এবং বেআইনি চোলাই মদ সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৯ নম্বর চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানানো যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন যে, ব্যক্তিগত স্বার্থে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে এই নম্বরগুলির অপব্যবহার করলে অভিযোগকারীর বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।