২৬ বছরের অভিনব জালিয়াতি, ভুয়া নথিতে শিক্ষকতা করায় এফআইআর!

উত্তর প্রদেশের বলিয়া জেলায় দীর্ঘ ২৬ বছর ধরে ভুয়া নথিপত্র ব্যবহার করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার অভিযোগে শিবনাথ যাদব নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ১৯৯৯ সালের ৬ ডিসেম্বর থেকে বেলসড়ী গ্রামের সরকারি কম্পোজিট বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় তিনি নিয়মিত সরকারি বেতন তুলে আসছিলেন। নওয়ানগর শিক্ষা ক্ষেত্রের খণ্ড শিক্ষা কর্মকর্তা পঙ্কজ কুমার সিংয়ের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে নগরা থানায় তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর পোর্টালে (সিএম পোর্টাল) অজিত কুমার যাদব নামে স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে জেলা মৌলিক শিক্ষা কর্মকর্তা মনীশ কুমার সিং তদন্ত শুরু করেন। তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২৪ মার্চ অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পুলিশ বর্তমানে এই দীর্ঘমেয়াদী জালিয়াতির সাথে আর কেউ জড়িত কি না এবং অভিযুক্ত দীর্ঘ ২৬ বছর ধরে কীভাবে বিষয়টি গোপন রেখেছিলেন, তা খতিয়ে দেখছে। এ ঘটনায় বলিয়া জেলার শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *