১ কোটি টাকার মাওবাদী নেতা মিসির বেসরা গ্রেপ্তার, পুলিশের বড় সাফল্য!
ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বারওয়াড্ডা থানা এলাকার মানিয়াডিহি থেকে মাওবাদী পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিআরপিএফ, গিরিডি ও ধানবাদ পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে আরও দুই মাওবাদী নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ৬৬ বছর বয়সি মিসির বেসরা মাওবাদী সংগঠনের তাত্ত্বিক নেতা ও অপারেশনাল কম্যান্ডার হিসেবে পরিচিত ছিলেন এবং তার মাথার দাম ছিল এক কোটি টাকা।
গিরিডি জেলার হারলাডিহির বাসিন্দা মিসির বেসরা ‘ভাস্কর’ ও ‘সাগর’ নামেও পরিচিত। প্রায় দুই দশক ধরে পলাতক থাকা এই নেতা ২০০৭ সালে একবার গ্রেপ্তার হলেও ২০০৯ সালে বিহারের লখিসরাই আদালত চত্বরে হামলার সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। অন্যদিকে, এই গ্রেপ্তারের বিষয়ে ধৃতের ছেলে সিদ্ধার্থ জানিয়েছেন, তিনি সংবাদমাধ্যম মারফত বিষয়টি জেনেছেন এবং ২০ বছর পর তার বাবার জীবিত থাকার খবরে তিনি খুশি। তবে পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেছেন।