১০০ কৃতি চিকিৎসকের সংবর্ধনা, রাজ্য পেতে চলেছে ৪টি নতুন মেডিক্যাল কলেজ!
দেশজুড়ে নিট (NEET) পরীক্ষা নিয়ে চলমান বিতর্কের আবহে রাজ্যের সেরা ১০০ জন নিট-কৃতীকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক বিশেষ সরকারি অনুষ্ঠানে তিনি রাজ্যের মেধাবী হবু চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিয়ে জানান, তরুণ চিকিৎসকরা যাতে পড়াশোনা ও প্রশিক্ষণ শেষে বিশ্বমানের পরিবেশ পান এবং স্বেচ্ছায় এই রাজ্যেই পরিষেবা দেন, তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আধুনিক স্বাস্থ্যকেন্দ্র ও কাজের সুস্থ পরিবেশ তৈরি করাই পশ্চিমবঙ্গ সরকারের প্রধান দায়বদ্ধতা বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে চারটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির কাজ। পাশাপাশি, স্বাস্থ্য-শিক্ষার প্রসারে এমবিবিএস আসনের সংখ্যা বৃদ্ধি এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় শহর ও গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ‘আয়ুষ্মান মন্দির’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।