পুজোর আগেই খুশির জোয়ার, ২০ শতাংশ ডিএ ও বেতন মিলবে একসঙ্গে!
পুজোর মরশুমের মুখেই রাজ্য সরকারি কর্মচারী ও পুলিশ কর্মীদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ভবানী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, উৎসবের দিনগুলি শুরু হওয়ার আগেই সমস্ত সরকারি কর্মচারী এবং পুলিশ কর্মীদের অ্যাকাউন্টে অক্টোবরের বেতন এবং ঘোষিত ২০ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) একযোগে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই অর্থসচিব ও অর্থমন্ত্রীকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারির কথাও জানানো হয়েছে। কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পরই তা দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এছাড়া, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র যে ফারাক রয়েছে, তা ধাপে ধাপে পূরণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজেটে ঘোষিত এই সুবিধাগুলো পাওয়ায় রাজ্যের সরকারি কর্মচারী ও পুলিশ মহলে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।