আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃতের সংখ্যা বেড়ে ৭৫!

আসামে বন্যার পরিস্থিতির আংশিক উন্নতি হলেও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্তমানে রাজ্যের শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর ও কামরূপ (মেট্রোপলিটন)—এই সাতটি জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এতে প্রায় ৬২২টি গ্রামের ৩ লক্ষ ৩২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধারকাজে সেনা, বায়ুসেনা, এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF)-সহ বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। বর্তমানে ৮১টি ত্রাণ শিবিরে প্রায় ৩২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন এবং গোলঘাট জেলার নুমালিগড়ে ধানসিড়ি নদী এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় তলিয়ে গেছে প্রায় ৪৫ হাজার হেক্টর কৃষিজমি।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য একগুচ্ছ আর্থিক সহায়তার ঘোষণা করেছে। বন্যায় মৃতদের পরিবারের জন্য সরকারি অনুদানের পাশাপাশি অতিরিক্ত ৫ লক্ষ টাকা এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিবসাগর, চরাইদেও, যোরহাট ও গোলাঘাটের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১৫ হাজার টাকা অন্তর্বর্তীকালীন সাহায্য দেওয়া হবে। আগামী ৩ আগস্ট থেকে ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ শুরু হবে, যার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *