জলজীবন মিশনে কোটি কোটি টাকার নয়ছয়, মালদায় কড়া তদন্তের নির্দেশ মন্ত্রীর!

রাজ্যজুড়ে ‘জলজীবন মিশন’ প্রকল্পের বাস্তবায়নে ব্যাপক গাফিলতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। মালদা সফরে এসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন, বিগত সরকারের আমলে এই প্রকল্পে রাজ্যে ১৫ শতাংশেরও কম কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ ও খরচের হিসেবে অনিয়মের জেরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দুর্নীতির প্রমাণ মিললে প্রভাবশালী ব্যক্তি কাউকেই ছাড় দেওয়া হবে না।

মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রকল্পের কাজের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য ৩ মাসের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে এবং যে সমস্ত প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে, সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। মালদা জেলার ৭৯টি প্রকল্পে আগামী তিন মাসের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন। এছাড়া সাধারণ মানুষের কাছে পানীয় জল না পৌঁছানো পর্যন্ত ঠিকাদারদের বকেয়া অর্থ প্রদান না করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তবে সততার সাথে কাজ সম্পন্ন করা ঠিকাদারদের পাওনা দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাসও তিনি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *