ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ, বড় বিপাকে প্রাক্তন মন্ত্রী!
তোলাবাজি এবং ভয় দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। মঙ্গলবার এই নির্দেশ দেওয়ার ফলে এখন তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের সামনে কোনো আইনি বাধা রইল না। একই মামলায় চন্দননগর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালকেও আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে।
গত ৪ জুলাই চন্দননগর কর্পোরেশনের ঠিকাদার প্রদীপ দে চন্দননগর থানায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করার লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে উঠে এসেছে, চন্দননগর বিধানসভা উৎসবের নাম করে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে তা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। এই মামলায় এর আগে ডেপুটি মেয়র ছাড়াও চন্দননগর কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি আইনজীবীরা আদালতে এই জামিন আবেদনের বিরোধিতা করেন।