ভুল চিকিৎসায় ছাত্রের মৃত্যু? সিউড়ির হাসপাতালে তালা, শাস্তির মুখে কর্তারা!
সিউড়িতে ভুল চিকিৎসায় দশম শ্রেণির ছাত্র মৈনাক দাসের মৃত্যুর অভিযোগে ওই বেসরকারি হাসপাতালের যাবতীয় কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। একইসঙ্গে হাসপাতালের সমস্ত নথিপত্র সংরক্ষণের পাশাপাশি পুলিশ হাসপাতালটি সিল করে দিয়েছে। গত রবিবার রাতে মৈনাক দাসকে অসুস্থ অবস্থায় ওই মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশনের প্রভাবেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা হাসপাতালে ভাঙচুর চালায়।
মঙ্গলবার মৈনাক দাসের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মৃতদেহ নিয়ে সিউড়ির বেণীমাধব মোড়ে রাস্তা অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ দেখান স্কুলছাত্র ও সাধারণ মানুষ। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্বাস্থ্য দপ্তর হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এ সময় বিক্ষোভে সামিল হয়ে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল স্বাস্থ্যমন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে শুরু থেকেই মৃত ছাত্রের পরিবারের আনীত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।