ভুয়ো পরিচয়ে ৮ বছর ভারতে! ধরা পড়ল বাংলাদেশি যুবক!
ভুয়ো পরিচয় ও জাল নথিপত্র ব্যবহার করে দীর্ঘ আট বছর ধরে মুর্শিদাবাদের সাগরদিঘিতে বসবাস করার অভিযোগে মহম্মদ রোকন আলি (৩২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট সদাশিবপুর গ্রামের বাসিন্দা রোকন ২০০৮ সালে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আসেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাগরদিঘি থানার পুলিশ তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে আসার পর রোকন নিজের আসল পরিচয় লুকিয়ে ‘সোহেল বাবু’ নাম ধারণ করেন। তিনি নিজেকে মৃত ফরজ আলির ছেলে হিসেবে পরিচয় দিয়ে শ্বশুরকে নিজের বাবা সাজিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি তৈরি করেন। ওড়িশায় কাজের সূত্রে পরিচয় হওয়া সাগরদিঘির এক তরুণীকে বিয়ে করে তিনি গোবর্ধনডাঙা পঞ্চায়েতের সাহানা বাগান কলোনিতে বসবাস করছিলেন। পুলিশ তাঁর বাড়ি থেকে জাল ভারতীয় নথিপত্র এবং একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে। বর্তমানে তাঁকে সুতি থানার আহিরণ হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ও জাল নথি সংগ্রহের নেপথ্যে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।