‘অন্যায় হয়ে গিয়েছে…’, পুরনো ক্ষোভে কান ধরে ওঠবস তৃণমূল নেতার!
নবদ্বীপের বাজারে তৃণমূল ছাত্র পরিষদ নেতাকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ
নদীয়ার নবদ্বীপের পোড়ামাতলা বাজারে স্থানীয় বাসিন্দাদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) এক নেতাকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে শ্যাম পাল নামের ওই নেতাকে বাজারে দেখতে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ঘিরে ধরেন এবং গত বছরের একটি মারধরের ঘটনার জেরে তাঁকে এহেন শাস্তি দেন। ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, যেখানে অভিযুক্ত নেতাকে ক্ষমা চাইতে দেখা যায়। পরবর্তী সময়ে স্থানীয় জনতা শ্যাম পালকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর দুর্গাপূজার সময় দোকানের সামনে স্কুটি রাখা নিয়ে রঞ্জন পাল নামের এক ব্যবসায়ীর সঙ্গে শ্যাম পাল ও রাজদ্বীপ চট্টোপাধ্যায় নামে দুই যুবকের বচসা ও মারধরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ক্ষোভ থেকেই স্থানীয়রা মঙ্গলবার তাঁকে পেয়ে কৈফিয়ত তলব করেন। বর্তমানে পুরনো মারধরের ঘটনার ভিত্তিতে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর অভিযোগ এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে।