পুজোর আগেই সুখবর, রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০% ডিএ ঘোষণা!
ষষ্ঠ পে কমিশনের আওতাভুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এর ফলে আগে পাওয়া ১৮ শতাংশ ডিএ বেড়ে মোট ৩৮ শতাংশে উন্নীত হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, চলতি অক্টোবর মাসেই বর্ধিত এই ২০ শতাংশ ডিএ এবং মাসিক বেতন সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে অক্টোবরের মাঝামাঝি সময়েই এই অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি পুলিশ কর্মীদের জন্যও বিশেষ ঘোষণা করেছে সরকার। এখন থেকে পুলিশ কর্মীদের মাসিক রেশন ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে, যা অক্টোবর মাস থেকেই কার্যকর হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ১ লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা এবং তাদের কল্যাণের জন্য একটি ‘কল্যাণ পর্ষদ’ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো উন্নত করার লক্ষ্যে ‘সপ্তম পে কমিশন’ গঠন করা হয়েছে, যার সুপারিশ চলতি আর্থিক বছরের মধ্যেই বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।