সরকারি সব দপ্তরে এবার কড়া নজরদারি, অনিয়ম রুখতে বড় পদক্ষেপ!

রাজ্য প্রশাসনের কাজে স্বচ্ছতা ও গতি ফেরাতে প্রতিটি সরকারি দফতরে নিয়মিত অভ্যন্তরীণ অডিট (Internal Audit) বাধ্যতামূলক করল রাজ্য সরকার। কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিয়েছেন। এখন থেকে কোনো অভিযোগের অপেক্ষায় না থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি দফতরের অডিট সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগের সরকারের আমলে অডিট না হওয়ার কারণে যে প্রশাসনিক গরমিল ও অনিয়ম হয়েছে, তার পুনরাবৃত্তি বর্তমান সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না।

প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অডিট প্রক্রিয়ায় কোনো ‘নমুনা সমীক্ষা’ বা স্যাম্পল সার্ভে চলবে না; প্রতিটি দফতরের অডিট পুঙ্খানুপুঙ্খভাবে করে সেই রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে (CMO) জমা দিতে হবে। এই কাজের জন্য প্রয়োজনীয় আর্থিক ও পরিকাঠামোগত সহায়তার পাশাপাশি প্রয়োজনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (CA) সাহায্য নেওয়া যাবে বলেও তিনি উল্লেখ করেছেন। প্রশাসনিক বিশ্লেষকদের মতে, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রতিটি সরকারি দফতরের কাজের জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতির পথ বন্ধ করাই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *