প্রশ্নফাঁস বিল সমর্থন তবুও মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক!

দেশজুড়ে প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬-কে সমর্থন জানালেও, বিগত এক দশকের ব্যর্থতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভায় বিলটি নিয়ে আলোচনার সময় তিনি দাবি করেন, ২০১৪ সাল থেকে নিট, ইউজিসি-নেট ও এসএসসির মতো পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও দোষীরা উপযুক্ত শাস্তি পাননি। বিলটি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতারই এক বড় স্বীকারোক্তি বলে মন্তব্য করে তিনি বলেন, কেবল আইন বদলালেই গত ১২ বছরের ব্যর্থতা মুছে যাবে না।

একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। অখিলেশ যাদব অভিযোগ করেন, জনচাপ ও ছাত্র আন্দোলনের মুখেই সরকার এই বিল আনতে বাধ্য হয়েছে। পাশাপাশি, শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকেও নিশানা করেন। অপরপক্ষে, গৌরব গগৈ অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার সংস্কারে গুরুত্ব না দিয়ে অন্যান্য বিষয়ে ব্যস্ত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সংবর্ধনা নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *