মিছিল ও বিক্ষোভে নতুন নিয়ম, হাইকোর্টের কড়া নির্দেশ!

রাজ্যে সভা, সমিতি, বিক্ষোভ সমাবেশ এবং মিছিল পরিচালনার জন্য সুনির্দিষ্ট নিয়মবিধি বা গাইডলাইন তৈরি করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, গত ২৪ জুলাই ধর্মতলায় এসএফআই-এর মিছিলে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন এ পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট আকারে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২৪ জুলাইয়ের সেই মিছিলে দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও হামলার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সাংবাদিক শিলাদিত্য কর। তিনি ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছিলেন। বুধবার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, আদালতের নির্দেশ অনুযায়ী গাইডলাইন পেশ করতে প্রস্তুত রয়েছে রাজ্য। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৫ অগস্ট ধার্য করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *