গরিবের পেটে লাথি, শিক্ষাব্যবস্থায় বড়লোকদের কি রাজত্ব!
দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বুধবার লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অ্যান্টি-পেপার লিক বিল সংক্রান্ত আলোচনার সময় রাহুল গান্ধী অভিযোগ করেন যে, দেশের গোটা শিক্ষাব্যবস্থা এখন চরম সংকটের মুখে এবং এটি সম্পূর্ণরূপে আরএসএস-এর নিয়ন্ত্রণে চলে গেছে। তাঁর দাবি, শিক্ষামন্ত্রক আদতে শিক্ষামন্ত্রীর দ্বারা পরিচালিত হচ্ছে না, বরং এর নেপথ্যে রয়েছে আরএসএস নেতৃত্ব। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সরাসরি আরএসএস-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
শিক্ষার বাণিজ্যিকীকরণ নিয়ে সরব হয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, নিট কেলেঙ্কারির কারণে মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলেও সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না। ধনীদের সন্তানদের জন্য সুযোগ থাকলেও গরিব পরিবারের মেধাবীরা অবহেলিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। রাহুল গান্ধীর দাবি, দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাভাবনার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে এবং শিক্ষাব্যবস্থার মূল সত্তা দখল করা হয়েছে। রাজনাথ সিং-এর এক বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরও বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নামমাত্র দায়িত্ব পালন করলেও আসল নিয়ন্ত্রণ আরএসএস-এর হাতে থাকায় মন্ত্রীরা দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন।