কার পকেটে ১,৪১৩ কোটি, কার সম্পদ শূন্য? ফাঁস মুখ্যমন্ত্রীদের চাঞ্চল্যকর খতিয়ান!
দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পত্তি, শিক্ষাগত যোগ্যতা ও ফৌজদারি মামলার ওপর ভিত্তি করে একটি সামগ্রিক প্রতিবেদন প্রকাশ করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (ADR) ও ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ৩,৬৬০ কোটি টাকা, যা গড়ে জনপ্রতি ১১৮.০৭ কোটি টাকা। তালিকায় সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন কর্নাটকের ডি কে শিবকুমার, যাঁর সম্পত্তির পরিমাণ ১,৪১৩.৮ কোটি টাকা। এর পরেই রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু (৯৩১.৮৩ কোটি), তামিলনাড়ুর সি জোসেফ বিজয় (৬৪৮.৮৫ কোটি) এবং অরুণাচল প্রদেশের পেমা খান্ডু (৩৩২.৫৬ কোটি)। অন্যদিকে, সবচেয়ে কম সম্পত্তির মালিক জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লাহ (৫৫.২৪ লক্ষ টাকা) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (৮৫.৮৭ লক্ষ টাকা)।
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং ১১ জনের বিরুদ্ধে রয়েছে অত্যন্ত গুরুতর অভিযোগ। তালিকায় ৮৯টি বিচারাধীন মামলা নিয়ে শীর্ষে রয়েছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, যার মধ্যে ৭২টিই গুরুতর অপরাধ সংক্রান্ত। এছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৯টি মামলা বিচারাধীন রয়েছে। বয়সের বিচারে পুদুচেরির এন রঙ্গাস্বামী প্রবীণতম এবং পেমা খান্ডু ও কনরাড সাংমা কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ৯ জন স্নাতকোত্তর, ৭ জন স্নাতক, ৬ জন পেশাদার গ্র্যাজুয়েট, ৩ জন ডক্টরেট ডিগ্রিধারী এবং ২ জন দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এছাড়া ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে দিল্লির রেখা গুপ্তাই একমাত্র নারী মুখ্যমন্ত্রী।