নবদ্বীপের রাস বাদ কেন? তৃণমূল সরকারকে তুলোধোনা বিজেপি বিধায়কের!
বার্তা ডেস্কঃ
নদিয়ার ঐতিহাসিক উৎসবগুলোর প্রতি রাজ্য সরকারের বিশেষ নজর থাকলেও বাদ পড়েছে ঐতিহ্যে ভরা নবদ্বীপের রাস। সম্প্রতি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবং শান্তিপুরের রাস উৎসবকে রাজ্য সরকারের পর্যটন ও সাংস্কৃতিক উৎসবের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু শতবছরের প্রাচীন ও ধর্মীয় ভাবাবেগে সমৃদ্ধ নবদ্বীপের রাস এই তালিকায় ঠাঁই না পাওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শাক্ত, শৈব ও বৈষ্ণব ভাবধারার মেলবন্ধনে অনুষ্ঠিত এই অনন্য উৎসবটি উপেক্ষিত থাকায় হতাশ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দর্শনার্থীরাও।
এই পরিস্থিতিতে পূর্ববর্তী তৃণমূল সরকারের উদাসীনতা ও গাফিলতিকেই সরাসরি দায়ী করেছেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী। তাঁর অভিযোগ, বিগত সরকারগুলোর দীর্ঘদিনের অবহেলার কারণেই নবদ্বীপের বৈচিত্র্যময় রাস উৎসব রাজ্যের অফিসিয়াল মানচিত্রে স্থান পায়নি। তবে ভক্ত ও স্থানীয় অধিবাসীদের আশ্বস্ত করে বিধায়ক জানিয়েছেন, বিষয়টি জানার পরেই তিনি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ঐতিহ্য রক্ষায় কোনো ত্রুটি রাখা হবে না এবং প্রশাসনিক উদাসীনতা সত্ত্বেও এ বছরের রাস উৎসব আরও জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।