প্রাক্তন স্বামীর বিয়ের পরেই উর্মিলার রহস্যময় বার্তা, নেপথ্যে কোন ক্ষোভ?
বার্তা ডেস্কঃ
‘তুমি আমার ঘর, আমার শান্তি…’ নতুন স্ত্রীর উদ্দেশে প্রীতিভোজের ছবি পোস্ট করে ঠিক এভাবেই নিজের অনুভবের কথা প্রকাশ করেছিলেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মোহসিন আখতার মির। ২০১৬ সালে ভিন্নধর্ম ও বয়সের ব্যবধানের মতো নানা জল্পনাকে সঙ্গী করে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। যদিও সেই সম্পর্কে দীর্ঘস্থায়ী হয়নি, পরবর্তীতে বিচ্ছেদের পথেই হাঁটেন এই জুটি। গত জুন মাসে দ্বিতীয়বার বিয়ের ঘোষণা করার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোহসিন। সম্প্রতি তাঁর নববধূর সঙ্গে প্রীতিভোজের সেই রোম্যান্টিক ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন চর্চা।
আর ঠিক এই মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন উর্মিলা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমি ভালোবাসা, বিশ্বস্ততা এবং সময়ের মতো দামি জিনিসগুলো পছন্দ করি।’ যদিও তিনি পোস্টে সরাসরি কারোর নাম উল্লেখ বা কাউকে ট্যাগ করেননি, তবে নেটিজেনদের একাংশ মনে করছেন এই মন্তব্য মূলত তাঁর প্রাক্তন স্বামীর উদ্দেশেই করা হয়েছে। সব মিলিয়ে মোহসিনের নতুন জীবনের সূচনার সঙ্গে সঙ্গেই উর্মিলার এই রহস্যময় পোস্ট ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন।