১৭ অগাস্ট থেকে বাড়ছে পাউরুটির দাম, পকেট থেকে খরচ হবে কত!
বার্তা ডেস্কঃ
সকালের জলখাবার বা স্কুলের টিফিনের অপরিহার্য উপাদান পাউরুটির দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। আগামী ১৭ অগাস্ট থেকে রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে এই বর্ধিত মূল্য। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী, প্রতি পাউন্ড বা ৪০০ গ্রাম স্লাইস পাউরুটির দাম চার টাকা বেড়ে ৩২ টাকার পরিবর্তে ৩৬ টাকা ধার্য করা হয়েছে। পাশাপাশি, ২০০ গ্রাম বা হাফ পাউন্ড পাউরুটির দাম ১৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ টাকা এবং ১০০ গ্রামের দাম আট টাকা থেকে বেড়ে ১০ টাকায় পৌঁছাল।
মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কাঁচামালের লাগাতার খরচ বৃদ্ধি। ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক মাসে ময়দা, চিনি ও ভোজ্য তেলের পাশাপাশি প্যাকেজিং সামগ্রীর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে উৎপাদন খরচ সামলাতে বাধ্য হয়েই দাম বাড়ানোর পথ বেছে নিতে হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্যে শেষবার পাউরুটির দাম বেড়েছিল ২০২৪ সালে, যা নতুন করে আমজনতার পকেটে বাড়তি চাপ সৃষ্টি করল।