অবশেষে কি ভাঙছে সিট? নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টে সিবিআইয়ের বড় আপডেট!
বার্তা ডেস্কঃ
রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী এবং পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার আদালতের কাছে সিবিআইয়ের আইনজীবী জানান, এই সংক্রান্ত অধিকাংশ মামলার তদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চূড়ান্ত চার্জশিটও পেশ করা হয়েছে। ফলস্বরূপ, বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’-এর আর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি। সিবিআইয়ের আবেদন, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গঠিত এই বিশেষ টিমটি ভেঙে দেওয়া হোক এবং বাকি কাজ দুর্নীতিদমন শাখার সাধারণ পরিকাঠামো দিয়েই পরিচালনা করা হোক।
উল্লেখ্য, ২০২২ সালে দুর্নীতির গভীরতা বিবেচনা করে এই বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ মামলার চার্জশিট জমা পড়ে যাওয়ায় আলাদা করে সিট বহাল রাখার আর কোনো যৌক্তিকতা নেই। তবে কয়েকটি মামলার তদন্তে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। এখন দেখার বিষয়, সিবিআইয়ের এই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিট ভেঙে দেওয়ার বিষয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।