কলকাতা পুরসভায় ৯ লক্ষ সম্পত্তিতে বড় চমক, বদলে যাচ্ছে অ্যাসেসি নম্বর!
বার্তা ডেস্কঃ
কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রভাবে বড় ধরনের প্রশাসনিক রদবদল হতে চলেছে। সীমানা পুনর্নির্ধারণের জেরে পুরসভা এলাকার প্রায় ৯ লক্ষ সম্পত্তি করদাতার অ্যাসেসি নম্বর বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষের আগেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পুর প্রশাসন। ১৪৪টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ২০৯টি করার প্রস্তাব বাস্তবায়িত হলে করদাতাদের পুরনো পরিচিতি নম্বরের সঙ্গে নতুন ওয়ার্ডের সামঞ্জস্য বজায় রাখা জরুরি হয়ে পড়বে।
নির্বাচন প্রক্রিয়া ও আইনি জটিলতা মিটলে সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ এই পরিবর্তনের কাজ শুরু করবে। নতুন ৬৫টি ওয়ার্ডের জন্য বাড়তি কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে, যাতে কর সংগ্রহে কোনো বিঘ্ন না ঘটে। পুর কর্তৃপক্ষের দাবি, এতে সাধারণ করদাতাদের খুব একটা সমস্যা হবে না। তবে যেসব সম্পত্তির কর সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে বিশেষ সতর্কতার সঙ্গে নতুন ও পুরনো নম্বরের যোগসূত্র বজায় রাখা হবে, যাতে প্রশাসনিক জটিলতা এড়ানো সম্ভব হয়।