হাসপাতালে চিকিৎসা নিয়ে গাফিলতি? এবার কড়া পদক্ষেপ রাজ্যের!

বার্তা ডেস্কঃ

বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতি কিংবা অতিরিক্ত বিলের মতো বিষয় নিয়ে আর ধোঁয়াশায় থাকতে হবে না সাধারণ মানুষকে। এবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষকেই তাদের প্রবেশদ্বারে স্পষ্ট ভাষায় লিখে রাখতে হবে অভিযোগ জানানোর সমস্ত বিবরণী। সম্প্রতি এক নির্দেশিকায় রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন জানিয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চোখের সামনে কমলা রঙের ব্যানারে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই এই তথ্য টাঙাতে হবে। এমনকি ব্যানার টাঙানোর পর তার প্রমাণও পাঠাতে হবে কমিশনে। কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, সাধারণ মানুষের কাছে প্রশাসনিক সহায়তা সহজলভ্য করাই তাঁদের মূল উদ্দেশ্য।

কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নার্সিংহোমের সংগঠনগুলি। তবে পরিষেবা স্বচ্ছ করার পাশাপাশি চিকিৎসাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টিও জোরালোভাবে সামনে এসেছে। সম্প্রতি মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম’-এর প্রতিনিধি ডা. কৌশিক চাকি ও অন্যান্য চিকিৎসক প্রতিনিধিরা জানান, রোগীদের হয়রানি বন্ধের দায়িত্ব যেমন হাসপাতালের, তেমনই প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী মোতায়েন এবং চিকিৎসকদের পূর্ণ সুরক্ষা প্রদান করা সরকারের পরম কর্তব্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *