গ্রেপ্তারির হুঁশিয়ারির পরেই কী বললেন অনন্ত মহারাজ?
বার্তা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি দিনহাটায় এক কর্মসূচির শেষে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দাবি করেন, কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার ও আজাদ হিন্দ ফৌজকে ধ্বংস করেছিলেন এবং নেতাজি তা অপব্যবহার করেছিলেন। তাঁর এই মন্তব্যের পরেই তীব্র প্রতিবাদের ঝড় ওঠে এবং বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার গুরুত্ব বুঝে কড়া পদক্ষেপ করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যার ফলে অনন্ত মহারাজের গ্রেপ্তারির জল্পনা জোরালো হয়েছে।
আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে—মুখ্যমন্ত্রীর এমন হুশিয়ারির পরেই নিজের অবস্থান থেকে কিছুটা পিছু হটেছেন অনন্ত মহারাজ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন যে তিনি কারও নামে বদনাম করেননি এবং যা বলেছেন তা ইতিহাসসম্মত। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনো কথা হয়নি বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন। পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয় এবং এই বিতর্কের জল কতদূর গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।