কলকাতার বদলে সুন্দরবনেই স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান, ইতিহাস গড়ছেন মুখ্যমন্ত্রী!
বার্তা ডেস্কঃ
৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে এক অভূতপূর্ব নজির গড়তে চলেছে রাজ্য। কলকাতার চেনা গণ্ডি পেরিয়ে এবার সুন্দরবনের গোসাবার কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক সম্ভাব্য স্থান খতিয়ে দেখার পর ভৌগোলিক গুরুত্ব ও সুরক্ষার কথা মাথায় রেখে এই স্থানটিকে মূল অনুষ্ঠানের জন্য চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে, কলকাতার রেড রোডের প্রধান অনুষ্ঠানেও থাকছে বিশেষ আকর্ষণ। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শনের পাশাপাশি ব্লক ও পঞ্চয়েত স্তরেও সুশৃঙ্খলভাবে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে।
স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় রাজ্যপালের বাসভবনে আয়োজিত ঐতিহ্যবাহী ‘অ্যাট হোম’ সংবর্ধনা অনুষ্ঠানেও থাকছে বড় চমক। সাধারণ আমন্ত্রিতদের পাশাপাশি পদ্ম পুরস্কারপ্রাপ্ত, শহিদ পরিবার, বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তি, ক্রীড়াবিদ ও নতুন উদ্ভাবকদের মতো বিশেষ অতিথিদের জন্য আসন সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশবাসীর মনে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে দেশের প্রায় ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ব্যান্ড পরিবেশনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা এই বছরের রাষ্ট্রীয় উৎসবকে আরও বর্ণময় করে তুলবে।