আইআইটি খড়্গপুরে ফের পড়ুয়ার মৃত্যু, রহস্য দানা বাঁধছে ক্যাম্পাসে!
বার্তা ডেস্কঃ
ঐতিহ্যবাহী আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে ফের এক তরুণ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পড়ুয়ার নাম অঙ্কিত শর্মা (২০), যিনি রাজস্থানের বাসিন্দা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পাঠরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যাম্পাসের নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে আচমকাই নিচে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সেদিন ক্লাসে না গিয়ে তিনি কেন চারতলায় গিয়েছিলেন এবং এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খড়্গপুর টাউন থানার পুলিশ খতিয়ে দেখছে।
আইআইটি খড়্গপুরে এমন রহস্যজনক ঘটনা এটিই প্রথম নয়। সম্প্রতি ক্যাম্পাস চত্বরের একটি কোয়ার্টার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৬ বছর বয়সী সহকারী অধ্যাপক ডঃ দীপক রেড্ডি পুল্লাগুরামের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এর আগে ২০২৫ সালেও প্রতিষ্ঠানটিতে সাতজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়, যার মধ্যে পাঁচজনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। বারবার এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তিতে প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।