বুড়িমার গয়না আত্মসাৎ, গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলর!

বার্তা ডেস্কঃ

কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপাড়া বুড়িমার পুজো কমিটির তহবিল ও মূল্যবান সোনার গয়নাগাটি আত্মসাতের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর গৌতম ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাষাপাড়া বারোয়ারি ও জগদ্ধাত্রী পুজোর এই বিখ্যাত পুজো কমিটির অন্যতম সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও মারধরের পাশাপাশি পুজো কমিটির অর্থ ও সোনা চুরির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। বুধবার দীর্ঘক্ষণ কোতোয়ালি থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এদিকে, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে শক্তিনগর জেলা হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় চরম উত্তেজনার সৃষ্টি হয়। হাসপাতাল চত্বর থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে এবং প্রবল বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিয়ে এরপর ধৃতকে কঠোর নিরাপত্তায় নদিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। একসময়ের প্রভাবশালী এই নেতার আকস্মিক গ্রেপ্তারিতে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাপানউতোর ও চাঞ্চল্য শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *