দেড় মাস পর পুলিশের জালে সেই ‘বাহুবলী’ বিধায়ক পুত্র, উদ্ধার ইসিএলের গোপন নথি ও কার্তুজ!

বার্তা ডেস্কঃ

দীর্ঘ দেড় মাস ধরে ভিন রাজ্যে আত্মগোপন করে থাকার পর অবশেষে পুলিশের জালে আসানসোলের জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের বিতর্কিত পুত্র প্রেমপাল সিং। গোপন খবরের ভিত্তিতে অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে জামুড়িয়া থানার পুলিশ। বেআইনি কয়লা ও বালি পাচার এবং অবৈধ সিন্ডিকেট পরিচালনার মতো একাধিক গুরুতর অভিযোগে ধৃতকে শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হবে। গত ১ জুলাই প্রাক্তন বিধায়কের কার্যালয়ে অভিযান চালিয়ে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের গোপন নথি ও ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধারের পর থেকেই পলাতক ছিলেন এই অভিযুক্ত।

উল্লেখ্য, অতীতে বাবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে লালবাতি লাগানো গাড়িতে দাপিয়ে বেড়ানোর জন্য খোদ দলনেত্রীর কড়া সতর্কবার্তার মুখে পড়েছিলেন প্রেমপাল। তবে নেত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করে তাঁর অবৈধ কারবার যে থামেনি, দেড় মাস আগের ওই নথিপত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনাই তা স্পষ্ট করে। বর্তমানে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই সিন্ডিকেট ও নথি ফাঁস চক্রের নেপথ্যে থাকা অন্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *