অবশেষে স্বস্তি সুমিতের, গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের বড় নির্দেশ!
বার্তা ডেস্কঃ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট। এর ফলে জমি সংক্রান্ত দুর্নীতি মামলায় তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই সময়ে সুমিতকে তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে বিক্রির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। পূর্বে হাইকোর্ট থেকে আগাম জামিন না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি, যেখান থেকে প্রথম তাঁকে অন্তর্বর্তী আইনি সুরক্ষা দেওয়া হয়।
আদালতের নির্দেশ মেনে সিআইডি বর্তমানে তাঁকে ভবানী ভবনে টানা জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার আদালতে সুমিতের আইনজীবী স্পষ্ট জানান, তাঁর মক্কেল তদন্তে সমস্ত রকম সাহায্য করছেন। অপরদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তদন্তে সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখতে তিনি সংশ্লিষ্ট সংস্থার থেকে রিপোর্ট চাইবেন। উল্লেখ্য, শালবনি থানার পুলিশ ও সিআইডি এই ঘটনার তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালায়। সুমিতের আইনজীবীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বেশ কয়েক বছর আগের একটি ঘটনার ভিত্তিতে এই এফআইআর করা হয়েছে। আগামী বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।