সাভারকর অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে রাহুলের বিরাট জয়!
বার্তা ডেস্কঃ
বীর বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মামলা ও নিম্ন আদালতের সমন থেকে অবশেষে রেহাই পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীলা নাগুর বেঞ্চ এই মামলাটি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি অনুমতি না-মেলাতেই আদালত সংশ্লিষ্ট মানহানির অভিযোগ এবং বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের জারি করা সমন বাতিল ঘোষণা করেছে। এর ফলে দীর্ঘদিনের আইনি জট ও জটিল প্রক্রিয়ার এখানেই সমাপ্তি ঘটল।
উল্লেখ্য, ২০২২ সালে ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালীন একটি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী সাভারকরকে নিয়ে তীব্র আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, সাভারকর ব্রিটিশদের ভয় পেতেন এবং তাঁদের চিঠি লিখে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের আইনজীবী নৃপেন্দ্র পান্ডে ফৌজদারি মামলা দায়ের করেন। শীর্ষ আদালত এর আগে সাভারকরকে নিয়ে রাহুলের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সতর্ক করলেও, রাজ্য সরকারের তরফে আইনি অনুমোদনের অভাবে শেষ পর্যন্ত মামলার সমস্ত বিচারবিভাগীয় প্রক্রিয়া বাতিল ঘোষণা করল সুপ্রিম কোর্ট।