প্রতিরক্ষা রফতানিতে বিশ্বজয়ের পথে ভারত, এক দশকে বিক্রি বাড়ল ৫৫০০ শতাংশ!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া বার্তায় দেশের প্রতিরক্ষা খাতের ঐতিহাসিক সাফল্যের কথা ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি আকাশছোঁয়া সাফল্য অর্জন করে ৩৮,৪২৪ কোটি টাকায় পৌঁছেছে। অথচ এক দশক আগে ২০১৩-১৪ অর্থবর্ষে এই রফতানির পরিমাণ ছিল মাত্র ৬৮৬ কোটি টাকা। অর্থাৎ প্রায় দশ বছরের ব্যবধানে দেশের প্রতিরক্ষা রফতানি পাঁচ হাজার পাঁচশ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা ভারতের আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর নীতিই এই সাফল্যের মূল চাবিকাঠি। পাশাপাশি, তিন বাহিনীকে আধুনিক করে তুলতে গত এক বছরে ডিফেন্স অ্যািশন কাউন্সিল ৮.৭৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের প্রতিরক্ষা প্রকল্পে অনুমোদন দিয়েছে। উন্নত প্রযুক্তি, সীমান্ত এলাকার পরিকাঠামো উন্নয়ন এবং দেশীয় শিল্পের প্রসারের মাধ্যমে ভারত এখন বিশ্ববাজারে প্রতিরক্ষা উৎপাদনের এক উদীয়মান ও শক্তিশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।