২০২৭-এর জনগণনা সামলাবেন তরুণরাই, মোদীর বড় ঘোষণা!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে দেশের যুবসমাজকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষা ও কর্মসংস্থানের মানোন্নয়নের পাশাপাশি ২০২৭ সালের আসন্ন জাতীয় জনগণনাকে সফল করতে তিনি দেশের তরুণদের সরাসরি এগিয়ে আসার আহ্বান জানান।
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মোদী ঘোষণা করেন, আগামী এক বছরে দেশের প্রায় ১ কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-র বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি বিনামূল্যে অনলাইন কোচিং প্রোগ্রাম চালু করতে যাচ্ছে সরকার।
২০২৭ সালের আসন্ন জনগণনা সম্পর্কে মোদী বলেন, এটি কেবল সরকারি তথ্যের হিসাব নয়, বরং ভবিষ্যতের সব উন্নয়নমূলক পরিকল্পনার মূল ভিত্তি। দেশের প্রতিটি পরিবার যেন সঠিক তথ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সে বিষয়ে যুবসমাজকে নেতৃত্ব দিতে বলেছেন তিনি। মোদীর মতে, তরুণদের দৈনিক এক-দুই ঘণ্টার অবদানই এই বড় ডিজিটাল প্রক্রিয়াকে সফল করতে পারে, যা ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করবে।