বাংলার তাঁতে অপূর্ব জাদু, স্বাধীনতা দিবসে অভিনব বসাকের অনন্য সৃষ্টি ‘বন্দে মাতরম’ শাড়ি!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পে এক অপূর্ব নকশা ও জাতীয়তাবাদী ভাবাবেগের মেলবন্ধন ঘটিয়েছেন নদিয়ার ফুলিয়ার প্রখ্যাত তাঁতশিল্পী অভিনব বসাক। অতীতে তাঁতের বুননে জাতীয় পতাকা তৈরি করে নজর কাড়া এই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী এবার জামদানি শৈলীতে তৈরি করেছেন বিশেষ ‘বন্দে মাতরম’ শাড়ি।

শাড়িটির আঁচল ও বুটিতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ‘বন্দে মাতরম’ ধ্বনি। তবে বাণিজ্যিক লাভ বা বিক্রির উদ্দেশ্যে নয়, সম্পূর্ণ দেশপ্রেম ও শ্রদ্ধাবোধ থেকে এই বিশেষ শিল্পকর্মটি তৈরি করা হয়েছে।

শিল্পী অভিনব বসাক জানান, ‘বন্দে মাতরম’ অত্যন্ত পবিত্র একটি শব্দ। পরিধানের পর পায়ে লাগলে এর অমর্যাদা হতে পারে, তাই শাড়িটি সাধারণ পরার জন্য নয়, কেবল প্রদর্শনী ও সংরক্ষণের জন্যই তৈরি। প্রবীণ তাঁতশিল্পী সচিন বাবুর কারিগরি সহযোগিতায় এবং অভিনব বসাকের নিজস্ব ভাবনায় নির্মিত এই বিশেষ শাড়িটির মাত্র একটি পিস-ই বুনন করা হয়েছে, যার কোনো বাজারমূল্য নির্ধারণ করা হয়নি।

প্রদর্শনীভিত্তিক এই শাড়িটির পাশাপাশি সাধারণ মানুষের জন্য তেরঙ্গা জাতীয় পতাকার রঙে বৈচিত্র্যময় কিছু শাড়িও তিনি তৈরি করেছেন, যা ইতোমধ্যে বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *