ট্রেনে মারামারি! বিতর্কে নাম জড়িয়ে বিস্ফোরক অভিনেত্রী
বার্তা ডেস্কঃ
স্লিপার ক্লাসের টিকিট কেটে এসি কোচে জোর করে আসন দখল, রেলকর্মী ও আরপিএফের সঙ্গে বচসা এবং ব্লেড নিয়ে হামলার মতো গুরুতর অভিযোগে সম্প্রতি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিলেন মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ের পরিচিত এই অভিনেত্রীর নাম জড়িয়ে এমন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
তবে এই গোটা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী। তাঁর স্পষ্ট দাবি, এই ঘটনার সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। নিছক নামের মিল এবং বিভ্রান্তির কারণেই এই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।
ঘটনার নেপথ্যে কী ঘটেছিল? সম্প্রতি সুরাটগামী একটি ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট কেটে এক মহিলা এসি কোচে উঠে সিট দখল করেন। এক যাত্রীর সাথে বচসা তীব্র হলে টিটি ও আরপিএফ কর্মীরা উপস্থিত হন। অভিযোগ, অভিযুক্ত মহিলা আচমকা উত্তেজিত হয়ে ব্লেড দিয়ে আক্রমণ করেন, যাতে এক আরপিএফ সাব-ইন্সপেক্টরসহ দুইজন আহত হন। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ঘটনার খবরের সাথে অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হতে থাকে।
অন্তরা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া: একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্তরা জানান, “রবিবার সকাল থেকে প্রায় ৪০০টিরও বেশি ফোন পেয়েছি। পরিবারকে বোঝাতে হয়েছে যে অপরাধী আমি নই। সংবাদের পাতায় নিজের ছবি দেখে আমি স্তম্ভিত।”
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত মহিলাও পেশায় মডেল এবং তাঁর নামের বানান অন্তরার সাথে হুবহু মিলে যায়। তবে দুজনের বাবার নাম ও আবাসন সম্পূর্ণ আলাদা—অভিযুক্তের বাবার নাম সোহম এবং তিনি থানের বাসিন্দা, অন্যদিকে অভিনেত্রীর বাবার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং তিনি অন্ধেরির বাসিন্দা। কেবল নামের মিলের কারণেই সংবাদমাধ্যমগুলি ভুল ছবি ব্যবহার করেছে বলে জানান অন্তরা। সেই সাথে যে সমস্ত মাধ্যম তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছে, তাদের দ্রুত তা সংশোধন করার অনুরোধও জানিয়েছেন তিনি।