সল্টলেকে তরুণীকে ধর্ষণ, মুম্বই থেকে গ্রেফতার বীরভূমের পুলিশ অফিসার!
বার্তা ডেস্কঃ
রক্ষকই ভক্ষক! খোদ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। বীরভূমের নলহাটি থানার এএসআই আজমল হকের বিরুদ্ধে সল্টলেকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। গত জুলাই মাসে বিধাননগর পূর্ব থানায় এই মর্মে অভিযোগ জানান নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন এবং শুরু হয় ঘটনার মূল তদন্ত।
তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে অভিযুক্ত সাব ইন্সপেক্টর পালিয়ে মুম্বইয়ে আশ্রয় নিয়েছেন। অবশেষে দীর্ঘ তল্লাশির পর গত সোমবার মুম্বই থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। আজ ধৃতকে বিধাননগর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।