বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, মাফিয়া-ঘনিষ্ঠ পুলিশ অফিসার এবার শ্রীঘরে!

বার্তা ডেস্কঃ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে সল্টলেকের একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে সহবাস ও পরে প্রতারণার অভিযোগে নলহাটি থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আজমল হককে মুম্বই থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। মালদহের এক বাসিন্দা ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুন নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়। অভিযুক্ত অফিসার প্রথমে আগাম জামিন পেলেও মেয়াদ শেষ হতেই মুম্বইয়ে পালিয়ে গিয়ে গা ঢাকা দেন। শেষ পর্যন্ত বিধাননগর পুলিশের একটি বিশেষ দল মুম্বই পুলিশের সহযোগিতায় গত রবিবার তাঁকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় ফিরিয়ে আনে। মঙ্গলবার তাঁকে বারাসাত আদালতে পেশ করা হলে বিচারক তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

শুধু ব্যক্তিগত কেচ্ছাই নয়, এই পুলিশ অফিসারের বিরুদ্ধে বীরভূমের কুখ্যাত পাথর মাফিয়া টুলু মণ্ডলের সিন্ডিকেটের সঙ্গে নিবিড় যোগসূত্রের চাঞ্চল্যকর তথ্যও সামনে এসেছে। একাধিক দুর্নীতি ও অনিয়মের ঘটনায় টুলুর প্রধান সহযোগী হিসেবে তিনি কাজ করতেন বলে অভিযোগ উঠেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাঁকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একদিকে বিবাহের প্রতিশ্রুতিভঙ্গ ও শারীরিক নির্যাতনের মামলা, অন্যদিকে সিন্ডিকেট-যোগ—সব মিলিয়ে এই ঘটনার জেরে পুলিশ মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *