কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, কীভাবে ঘটল এমন মর্মান্তিক বিপর্যয়?

বার্তা ডেস্কঃ

কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশু ও মহিলাসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মারাত্মক আহত আরও ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের বেশিরভাগই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় এসেছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত পৌনে দু’টো থেকে দু’টোর মধ্যে হোটেলের তৃতীয় তলায় একটি এসি বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে আবাসিকরা ঘুমিয়ে থাকায় বিষাক্ত ও ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা। খবর পেয়ে দমকলের চারটি ইউনিট, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

ঘটনাস্থল ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকাজে মারাত্মক বেগ পেতে হয়। তবে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, ভবনে ছিল না কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বেরোবার পথটি অত্যন্ত সরু এবং অগ্নিকাণ্ডের সময় হোটেলের মূল গেটটিও তালাবন্ধ ছিল। এই ভয়াবহ ঘটনার পর ডিসি ডিডি-র নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হচ্ছে। পুলিশ এবং দমকল উভয় বিভাগের পক্ষ থেকেই পৃথক মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই হোটেলের গাফিলতি ও দায়বদ্ধতা খতিয়ে দেখতে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *