বাড়ি ছাড়লেন তিন বউ, স্টেশনে পৌঁছাতেই ঘটল বড় বিপত্তি!
বার্তা ডেস্কঃ
নদিয়ার চাপড়া থেকে নিখোঁজ হওয়ার ছয় দিনের মাথায় উদ্ধার করা হয়েছে একই পরিবারের তিন গৃহবধূকে। ‘ফ্রি ফায়ার’ অনলাইন গেমের সূত্রে এক যুবকের সঙ্গে প্রেমের টানে সন্তানসহ বাড়ি ছাড়েন তাঁরা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরিকল্পিতভাবেই তাঁরা বাড়ি থেকে পালিয়ে দক্ষিণ ভারতে যাওয়ার ছক কষেছিলেন। কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছানোর পর পরিকল্পনা ভেস্তে যাওয়ায় শেষপর্যন্ত তাঁরা মুর্শিদাবাদের লালবাগে আশ্রয় নেন। নিখোঁজের ঘটনায় পরিবারের দায়ের করা অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রযুক্তিগত সহায়তায় পুলিশ তাঁদের হদিশ পায়।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার মূলে রয়েছে ১৯ বছরের আমিনুল শেখ। অনলাইনে পরিচয়ের সূত্রেই ওই গৃহবধূদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল তার। পরিকল্পনা ছিল তিন বোন একসঙ্গে নতুন জীবনে পা দেবেন, তবে শেষ মুহূর্তে বাকি দুই যুবক সরে দাঁড়ানোয় তা ব্যর্থ হয়। মুর্শিদাবাদের ডেরায় আত্মগোপন করে থাকা অবস্থায় তিন গৃহবধূ ও তাঁদের সন্তানদের সুস্থভাবে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিনুলকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। বাকি দুই যুবকের খোঁজে বর্তমানে চলছে তল্লাশি।