পড়ানোর মাঝেই সেন্সাস ডিউটি! কেন্দ্র ও রাজ্যকে তুলোধনা হাইকোর্টের

বার্তা ডেস্কঃ

বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠনের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিক্ষকদের সেন্সাসের (Census) কাজে নিযুক্ত করার সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, ছুটির দিনগুলিতেও শিক্ষকদের কেন প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, জেলা পরিষদ, পঞ্চায়েত বা পুরসভার মতো অন্যান্য দফতরে পর্যাপ্ত কর্মীবৃন্দ থাকা সত্ত্বেও বারবার শিক্ষকদেরই কেন বেছে নেওয়া হচ্ছে? পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া স্বল্প সময়ে পঠনপাঠন শিকেয় তুলে এমন দায়িত্ব চাপানো কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে স্পষ্ট জবাব তলব করেছে হাইকোর্ট।

এদিনের শুনানিতে সরকারি আইনজীবীদের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে আদালত জানতে চায়, ঠিক কতজন শিক্ষাকর্মীকে এই কাজে নামানো হয়েছে এবং এতে পড়ুয়াদের কী ধরনের ক্ষতি হচ্ছে। জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল শিক্ষকদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেও সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি বেঞ্চ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সেন্সাস কর্তৃপক্ষ ও সরকার দ্রুত উপযুক্ত সিদ্ধান্তে না পৌঁছালে আদালতই চূড়ান্ত রায় দেবে। বিশেষ করে সেপ্টেম্বর মাসের পরীক্ষার মুখে শিক্ষা ব্যবস্থাকে সচল রেখে সমীক্ষার কাজ কীভাবে সামলানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কর্মপদ্ধতি ও হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বুধবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *