চাকরি হাতে তবুও অনিশ্চিত ভবিষ্যৎ! ঝাড়খণ্ডে বাতিল JSSC-CGL পরীক্ষায় বাড়ছে উদ্বেগ

বার্তা ডেস্কঃ

ঝাড়খণ্ড সরকারের একটি নির্দেশিকায় এক লহমায় বদলে গেল হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। দীর্ঘ আন্দোলন ও সিআইডি তদন্তে প্রশ্ন ফাঁসসহ ব্যাপক দুর্নীতির তথ্য সামনে আসার পর ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (JSSC-CGL) ২০২৪ সহ একাধিক পরীক্ষা বাতিল ঘোষণা করেছে হেমন্ত সোরেনের সরকার। সিআইডি সূত্রে খবর, পরীক্ষার আগেই বোকারো, আসানসোল ও নেপালের মতো বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীদের নিয়ে গিয়ে প্রশ্ন মুখস্থ করানো হয়েছিল। এই সিদ্ধান্তের পর আন্দোলনকারী পরীক্ষার্থীরা স্বস্তি পেলেও চরম অনিশ্চয়তায় পড়েছেন ইতিমধ্যেই নির্বাচিত প্রায় দুই হাজার প্রার্থী, যাঁদের ভবিষ্যৎ এখন পুরোপুরি অন্ধকারের মুখে।

পূর্বে ঝাড়খণ্ড হাইকোর্ট ও পরবর্তীকালে চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট পরীক্ষা বাতিলের আর্জি খারিজ করে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই আইনি সুরক্ষার ভরসাতেই অনেকে আগের সরকারি চাকরি ছেড়ে বা উচ্চ বেতন ত্যাগ করে এই পদে যোগ দিয়েছিলেন। তবে রাজ্য সরকারের হঠাৎ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে অনেকেরই পরিচয়পত্র বাতিল করা হয়েছে এবং অনেকে বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাওয়ায় নতুন পরীক্ষা দেওয়ার সুযোগও হারিয়েছেন। ন্যায়ের দাবিতে এবার রাঁচির রাজ্য সচিবালয়ের বাইরে বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদে নেমেছেন চাকরিহারা প্রার্থীরা। নিজেদের নির্দোষ দাবি করে প্রয়োজনে নার্কো টেস্টের মুখোমুখি হতেও প্রস্তুত তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *