মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, বিপাকে সাংসদ!

বার্তা ডেস্কঃ

বিতর্কিত মন্তব্যের জল গড়াল অনেক দূর। হিংসায় উসকানি, ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় এবার আরও বিপাকে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। কৃষ্ণনগরের ঘূর্ণির কয়েকজন মহিলার দায়ের করা মামলার জেরে কৃষ্ণনগর জেলা আদালত বারবার সমন পাঠানো সত্ত্বেও তিনি উপস্থিত হননি। অবশেষে বুধবারও আদালতে সশরীরে হাজিরা না দিয়ে আইনজীবীর মাধ্যমে বার্তা দেওয়ায় ক্ষুব্ধ নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল।

আইনজীবী মারফত নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি কৃষ্ণনগরের এই দাপুটে নেত্রীর। আদালত পরিষ্কার জানিয়ে দেয়, আত্মপক্ষ সমর্থনের আবেদন বিবেচনা করার আগে মহুয়াকে সশরীরে আদালতে উপস্থিত হতে হবে। দফায় দফায় নোটিস ও সুযোগ দেওয়া সত্ত্বেও আইনকে উপেক্ষা করায় শেষ পর্যন্ত আদালতের পক্ষ থেকে এই পরোয়ানা জারি করা হয়। বিচারবিভাগীয় এই নির্দেশের পর রাজনৈতিক মহল তোলপাড়। একই সঙ্গে শাসকদলের এই সাংসদের অহংকার ও অসংযত মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা ও সুর চড়াতে শুরু করেছেন রাজনৈতিক প্রতিপক্ষরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *