নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম! জেলের সেই ভয়াবহ দিনগুলো নিয়ে বিস্ফোরক রাজ কুন্দ্রা
বার্তা ডেস্কঃ
২০২১ সালের পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার এবং মুম্বইয়ের আর্থার রোড জেলে কাটানো ৬৩ দিনের ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ব্যবসায়ী তথা অভিনেতা রাজ কুন্দ্রা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, থানায় গিয়ে হঠাৎ করেই গ্রেফতার হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন তিনি। জেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও অখাদ্য খাবারের জেরে তাঁর প্রায় ১৭-১৮ কেজি ওজন কমে গিয়েছিল। এমনকি বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং পরিবার ও স্ত্রীকে নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন রাজ।
রাজের দাবি, জেলের সেই চরম হতাশাজনক সময়ে এক রাতে তাঁর মনে হয়েছিল সব শেষ করে দেন। তবে পরের দিন স্ত্রী শিল্পা শেট্টির সঙ্গে ফোনে কথা বলার পর পরিস্থিতি বদলে যায়। শিল্পা তাঁকে সম্পূর্ণ বিশ্বাস ও পাশে থাকার আশ্বাস দিয়ে নতুন করে লড়াই করার শক্তি জোগান। দুই মাস পর জামিনে মুক্ত হয়ে কঠিন সেই সময়কে পেছনে ফেলে বর্তমানে নতুনভাবে জীবন শুরু করেছেন রাজ কুন্দ্রা।