প্রশ্নফাঁস কাণ্ডে কি সত্যিই সুরক্ষিত নিট? সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিস্ফোরক দাবি!
বার্তা ডেস্কঃ
মে মাসের বিতর্কিত নিট ইউজি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। আদালতের শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বর্তমানে দেশের এই শীর্ষস্থানীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিহীন ও সুরক্ষিত। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রেসে ছাপা পর্যন্ত সমগ্র গোপন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, প্রশ্নপত্রের মাস্টার সেট তৈরি, সিল করা এবং ছাপাখানা পর্যন্ত পাঠানো—সবকিছুই অত্যন্ত কঠোর নিরাপত্তায় সিসিটিভি ও সিআইএসএফ পাহারায় সম্পন্ন হয়। বিশেষ কোড ছাড়া প্রশ্নপত্রের বাক্স খোলাও আসাম্ভব। তবে আদালতের এই পর্যবেক্ষণের মাঝেও সর্বসাধারণের মনে প্রশ্ন থেকে যাচ্ছে, পুরো প্রক্রিয়াটি যদি এতটাই সুরক্ষিত হয়, তবে মে মাসের প্রশ্নফাঁসের ঘটনা কীভাবে সম্ভব হলো?
তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা পুরো বিতর্ককে আরও জোরালো করে তুলেছে। জানা গিয়েছে, পরীক্ষার নিরাপত্তার সুউচ্চ প্রাচীর ভেদ করে এই অনিয়মের নেপথ্যে কলকাঠি নেড়েছিলেন খোদ এনটিএ নির্ধারিত তিন বিশেষজ্ঞ। মনীষা গুরুনাথ মানধারে, প্রহ্লাদ বিঠলরাও কুলকার্নি এবং মনীষা সঞ্জয় হাভালদার নামের এই তিন জন পুণের বিশেষজ্ঞ দিল্লির এনটিএ ভবনে প্রশ্নপত্র প্রস্তুতির সময় চারটি মাস্টার সেটেই সরাসরি নজর রাখার সুযোগ পেয়েছিলেন। এর ফলেই অত্যন্ত গোপনীয় সেই নথি বাইরে চলে যায়, যার জেরে স্থগিত হওয়া পরীক্ষা ২১ জুন পুনরায় নিতে বাধ্য হয় এনটিএ। কেন্দ্র সরকার বর্তমানে নিরাপত্তাব্যবস্থা ফুলপ্রুফ দাবি করলেও, ভেতরের মানুষের এই গাফিলতি ও প্রশ্নফাঁসের ঘটনা দেশজুড়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মনে বড়সর অনিশ্চয়তা ও গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।